২৮ নভেম্বর, ২০২৬ ০৯:২৬ পিএম

দেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি চালুর উদ্যোগ, ২০২৭ সালের খসড়া উপস্থাপন

দেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি চালুর উদ্যোগ, ২০২৭ সালের খসড়া উপস্থাপন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও মৃত্যুঝুঁকি কমাতে জাতীয় পর্যায়ে স্ক্রিনিং কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির প্রস্তাবিত জাতীয় নির্দেশিকা (২০২৭)’-এর খসড়া উপস্থাপন করেছে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বিএসআরআই)।

আজ শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মিল্টন হলে আয়োজিত নির্দেশিকা প্রণয়ন কমিটির প্রথম কনসেনসাস সভায় খসড়াটি উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) বিবেচনার জন্য এটি তৈরি করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী। এ ছাড়া অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) ও বিএসআরআইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বক্তব্য দেন।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানের অনকোলজিস্ট, সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, গাইনি-অনকোলজিস্ট, প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টরা সভায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. শবনম আখতার এবং অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল।

সভায় প্রস্তাবিত নির্দেশিকার মূল বিষয়গুলো তুলে ধরেন বিএসআরআইয়ের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. শারমিন আক্তার রুপা।

নির্দেশিকায় থাকছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়

বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত নির্দেশিকা প্রণয়ন কমিটি খসড়ায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করেছে। প্রথমত, বাংলাদেশের নারীদের উপযোগী স্ক্রিনিং প্রটোকল নির্ধারণ। এতে কারা স্ক্রিনিংয়ের আওতায় আসবেন, কোন বয়স থেকে স্ক্রিনিং শুরু হবে এবং কত সময় পরপর তা করতে হবে, সে বিষয়ে নির্দেশনা থাকবে। দ্বিতীয়ত, স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে ব্যবহৃত ইমেজিংয়ের গুণগত ও কারিগরি মানদণ্ড নির্ধারণ করা হবে। এর মাধ্যমে স্ক্রিনিং কেন্দ্রগুলোতে পরীক্ষার মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয়ত, রেডিওলজি রিপোর্টিংয়ের জন্য একটি কাঠামোবদ্ধ ও অভিন্ন পদ্ধতি প্রণয়ন করা হবে। এতে পরীক্ষার ফলাফল চিকিৎসকদের কাছে আরও স্পষ্ট, নির্ভুল ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

নির্দেশিকা প্রণয়ন কমিটিতে বিএমইউ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা রয়েছেন। পাশাপাশি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও দেশের প্রধান বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞরাও এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিএসআরআইয়ের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, স্তন ক্যান্সার বাংলাদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাওয়া ক্যান্সার। সংগঠিত স্ক্রিনিং কর্মসূচির মাধ্যমে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, প্রস্তাবিত নির্দেশিকা দেশে একটি মানসম্মত জাতীয় স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করবে। দেশব্যাপী এ কর্মসূচি চালু করতে চিকিৎসক ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী নির্দেশিকা প্রণয়ন কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে খসড়া নির্দেশিকাটি পর্যালোচনা করে ২০২৭ সালে দেশব্যাপী স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত অধিকাংশ রোগী এখনো রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। এ পরিস্থিতি পরিবর্তনে জনসচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিংয়ের সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত ইমেজিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত জাতীয় নির্দেশিকা বাস্তবায়িত হলে দেশে স্তন ক্যান্সার শনাক্তকরণে একটি অভিন্ন ও মানসম্মত কাঠামো তৈরি হবে। এর মাধ্যমে রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং নারীদের যথাসময়ে চিকিৎসার আওতায় আনার পথ আরও সুগম হতে পারে।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত