ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
মেডিভয়েস রিপোর্ট: রাঙামাটির কাপ্তাই হ্রদের দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকেরা। পরীক্ষিত প্রতিটি প্রজাতির নমুনাতেই পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এতে হ্রদের পরিবেশদূষণের পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ডিসকভার এনভায়রনমেন্ট’-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল গবেষণাটি পরিচালনা করে।
গবেষণায় কাপ্তাই হ্রদের কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলা প্রজাতির মোট ৭৫টি মাছের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তলদেশের কাদা ও বালু থেকে খাবার সংগ্রহ করা ট্যাংরা মাছে। প্রতি গ্রাম ট্যাংরা মাছের নমুনায় গড়ে শূন্য দশমিক ৬৩টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম বলেন, মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন হওয়া বেশি জরুরি। বিশ্বজুড়েই প্লাস্টিকের ব্যবহার রয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিক, মাছ ধরার জাল এবং নৌযানসহ বিভিন্ন মাধ্যমে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পানিতে মিশছে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব কণা মাছের শরীরেও প্রবেশ করতে পারে। তবে মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেই সেই মাছ খাওয়া যাবে না, এমনটা ভেবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বরং মাইক্রোপ্লাস্টিকের কন্টামিনেশন রোধে পলিথিনের ব্যবহার কমানো এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
গবেষণার পাশাপাশি স্থানীয়দের বক্তব্যেও কাপ্তাই হ্রদে প্লাস্টিক দূষণের বিভিন্ন উৎস উঠে এসেছে। হ্রদের তীরবর্তী বাজার, বসতবাড়ির গৃহস্থালি বর্জ্য, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক এবং মাছ ধরার পরিত্যক্ত জাল থেকে দূষণ ছড়াচ্ছে। এ ছাড়া পর্যটক ও যাত্রীবাহী নৌযান এবং ড্রেনের মাধ্যমেও প্লাস্টিক বর্জ্য হ্রদের পানিতে মিশছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক বলেন, মূলত তিনটি উৎস থেকে প্লাস্টিক পানিতে ও মাটিতে মিশছে। প্রথমত, কাপ্তাই হ্রদের তীরবর্তী বাজারগুলো থেকে প্লাস্টিক বর্জ্য হ্রদে যাচ্ছে। দ্বিতীয়ত, হ্রদের পাশের বসতবাড়ির গৃহস্থালি বর্জ্য থেকেও দূষণ ছড়াচ্ছে। তৃতীয়ত, কাপ্তাই হ্রদে চলাচলকারী পর্যটকবাহী ও সাধারণ যাত্রীবাহী নৌযান থেকেও প্লাস্টিক বর্জ্য পানিতে মিশছে। এসব উৎস থেকেই হ্রদে প্লাস্টিক দূষণ বাড়ছে।
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দখলের কারণেও হ্রদের পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৯৬০ সালে হ্রদ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ড্রেজিং না হওয়ায় পলি জমে নাব্যতা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি হ্রদের জায়গা দখল করে গড়ে উঠেছে বসতি। অথচ এই হ্রদের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল প্রায় ২৭ হাজার জেলে পরিবার।
উন্নয়নকর্মী নুকু চাকমা বলেন, এটি আমাদের জন্য একটি অশনিসংকেত। বিষয়টি মোকাবিলায় এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। পর্যটন এলাকা হওয়ায় এখানে প্রচুর বর্জ্য নদী ও জলাশয়ে চলে যায়, যা মাছের শরীরেও প্রবেশ করছে। যেহেতু গবেষণার ফলাফলের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি, তাই এখনই উদ্যোগ নিলে সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করি। কিন্তু সরকার এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এটি বড় আকার ধারণ করতে পারে। এর ফলে স্বাস্থ্যঝুঁকিসহ অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।
রাঙামাটি জেলা রোভার স্কাউট কমিশনার নুরুল আবছার এ বিষয়ে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তাঁর মতে, কাপ্তাই হ্রদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে রয়েছে ৮৬ প্রজাতির মাছ। এই হ্রদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন হাজারো মানুষ। মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং হ্রদের দখল রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা।
এমআই/