এনডিএফের সেমিনারে বক্তারা
দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ, সাশ্রয়ী মূল্যে পরীক্ষার উদ্যোগ জরুরি
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের মধ্যে ৫৪ লাখের বেশি জানেন না যে তাঁদের শরীরে বাসা বেঁধেছে এই নীরব ঘাতক। শুধু রোগ শনাক্ত করাই নয়, শনাক্ত হওয়ার পরও নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে পারছেন না অনেকে। ইনসুলিনের উচ্চমূল্য, অসচেতনতা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমন বাস্তবতায় ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় হাসপাতালকেন্দ্রিক চিকিৎসার পাশাপাশি কমিউনিটিভিত্তিক পরীক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করা জরুরি।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন তারা। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফের জেনারেল সেক্রেটারি ডা. মাহমুদ হোসেন বকাউল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ঊর্মি। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি. এম. মকবুল হোসাইন, একই প্রতিষ্ঠানের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল মুকীত এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে প্রায় ২৫ কোটি মানুষ জানেন না যে তারা এ রোগে ভুগছেন। অর্থাৎ প্রতি ১০০ জন আক্রান্ত মানুষের মধ্যে ৪৩ জনই রোগ সম্পর্কে অবগত নন।
বাংলাদেশের চিত্রও উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রায় এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ৫৪ লাখ ২৬ হাজার মানুষ জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে জানেন না।
ডায়াবেটিস মোকাবিলায় দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেত্রী বলেন, প্রথমত অনেক মানুষ জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। দ্বিতীয়ত যারা রোগ সম্পর্কে জানেন, তাদের অনেকে নিয়মিত ওষুধ গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন না। বিশেষ করে কর্মব্যস্ততা, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে চিকিৎসা ও ব্যায়ামের রুটিন ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন ডা. মিতু। জানান, বিভিন্ন এলাকায় ঘুরে তিনি বয়স্ক মানুষদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের উপস্থিতি দেখেছেন। তাই শুধু হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে শনাক্ত করার উদ্যোগ নিতে হবে। এজন্য কমিউনিটিভিত্তিক স্ক্রিনিং, বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা এবং বিনা মূল্যে বা স্বল্পমূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা জরুরি।
টাইপ-১ ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের উচ্চমূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. মিতু। তিনি বলেন, অনেকের পক্ষে ইনসুলিন কেনা সম্ভব হচ্ছে না। তার পরিচিত এক আত্মীয় অর্থাভাবে ইনসুলিন নেওয়া বন্ধ করে দিয়েছেন। এ ধরনের রোগীদের জন্য সরকারিভাবে ভর্তুকি দিয়ে ইনসুলিন সরবরাহ কিংবা দাম কমানোর ব্যবস্থা করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডায়াবেটিসের কারণে চোখের দৃষ্টিশক্তি হারানো, কিডনি বিকল হওয়া এবং ডায়াবেটিক ফুটের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া ফ্যাটি লিভারসহ বিভিন্ন ধরনের লিভারের জটিলতার সঙ্গেও ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। এ কারণে রোগীদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট ও লিপিড প্রোফাইল পরীক্ষা করা প্রয়োজন।
চিকিৎসকদের নিজেদের স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, চিকিৎসকেরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান সেবাদাতা। তাঁরা নিজেরাই অসুস্থ হয়ে পড়লে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে। অথচ ব্যস্ততার কারণে অনেক চিকিৎসক নিজেদের স্বাস্থ্য, পরিবার ও সন্তানদের সময় দিতে পারেন না। তাই চিকিৎসকদের সুশৃঙ্খল জীবনযাপন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ওষুধ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম পেশাগত উৎকর্ষ, জনস্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধমূলক উদ্যোগ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে। পাশাপাশি চিকিৎসকদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উন্নত করে গড়ে তোলাও সংগঠনটির অন্যতম লক্ষ্য। চিকিৎসকদের পেশাগত দক্ষতা, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এনডিএফের চিকিৎসকেরা নৈতিক ও মানবিক চিকিৎসাচর্চায় দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ। তিনি বলেন, স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারের তথ্য সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে চিকিৎসকদের আরও উদ্যোগী হতে হবে। এজন্য বৈজ্ঞানিক প্রেজেন্টেশনগুলো বাংলায় অনুবাদ করে সাংবাদিকদের সরবরাহ করা প্রয়োজন। পাশাপাশি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের ছোট ছোট ভিডিও তৈরি করে গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর মতে, স্বাস্থ্য খাতের সংকট ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের যেমন প্রশিক্ষিত করা প্রয়োজন, তেমনি সরকার পরিবর্তন হলেও এ খাতে নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা যেন বজায় থাকে, সেদিকে সংশ্লিষ্টদের মনোযোগী হওয়া জরুরি।
সেমিনারে এনডিএফ নেতারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসজনিত জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
এনডিএফ নেতারা মনে করেন, ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। সময়মতো রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসজনিত নানা জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিআই/এমইউ/