গোপালগঞ্জে হাসপাতালে হামলার ঘটনায় বিপিএইচসিডিএর নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফাহ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিস সেক্রেটারি ডা. আরিফ মাহমুদের স্বাক্ষরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালটিতে এ অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা. এ এম শামীম এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা এবং নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে। এ ঘটনায় একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনটি।
বিপিএইচসিডিএর নেতারা বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি চলতে দেওয়া যায় না। হাসপাতাল, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, রোগীদের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।
এইউ/