গোপালগঞ্জ মেডিকেলের ইএমও অসীম কুমারের ওপর হামলা
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. অসীম কুমারের ওপর হামলা করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গোপালগঞ্জ মেডিকেলের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী জাহিমুর জিসান মেডিভয়েসকে জানান, হাসপাতালে একদল লোক ও এক সাংবাদিক এসে ডা. অসীম কুমার ধরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ওই সাংবাদিক চিকিৎসককে থাপ্পড় মারেন এবং চেয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করেন। আঘাত চিকিৎসকের মাথায় লাগে।
তিনি আরও বলেন, এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কিছু অংশে ভাঙচুরও চালানো হয়। ঘটনার সময় হাসপাতালে আনসার সদস্যরা উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেননি।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি জানালে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমআই/এমইউ