প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করল সরকার
মেডিভয়েস রিপোর্ট: প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করেছে সরকার। বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে। পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষার মানবণ্টনও প্রকাশ করা হয়েছে।
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে।
নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে তা সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে।
এর আগে, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল।
ভর্তিপদ্ধতি সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন করতে হবে।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
অন্যদিকে, চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
আবেদন ফি সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।
নতুন এই নীতিমালার ফলে ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা আসার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক বয়সে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এইউ/