১১ নভেম্বর, ২০২৬ ০৫:৪৫ পিএম

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বেকায়দায় বিবিসি

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বেকায়দায় বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। ফলে মামলাটি খারিজে বিবিসির আবেদন আংশিক নাকচ হয়ে গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এ আদেশে বিচারক স্পষ্ট করেছেন, এতে ট্রাম্পের জয় নিশ্চিত হয়নি। বরং অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ আদালতে উপস্থাপন করতে হবে তাঁকে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া বক্তব্য সম্পাদনা করে প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে মামলাটি করেন তিনি। বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানের ‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স’ শিরোনামের তথ্যচিত্রে তাঁর বক্তব্যের দুটি অংশ জুড়ে দেওয়া হয়েছিল।

ফ্লোরিডার মার্কিন ডিস্ট্রিক্ট জজ জেফরি টি. কুন্টজ বলেন, ট্রাম্প তাঁর সুনাম ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে যথেষ্ট অভিযোগ উত্থাপন করেছেন। নির্বাচনের ঠিক আগে তথ্যচিত্রটি প্রচারিত হওয়ায় তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারত বলেও পর্যবেক্ষণ দেন তিনি।

বিচারক উল্লেখ করেন, প্রায় ৫৫ মিনিটের ব্যবধানে দেওয়া ট্রাম্পের দুটি মন্তব্য একত্র করে প্রচার করেছিল বিবিসি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিবিসি সম্পাদনাটিকে দীর্ঘ ভাষণ সংক্ষিপ্ত করার সাধারণ প্রক্রিয়া হিসেবে তুলে ধরলেও মন্তব্য দুটির মধ্যকার সময়ের ব্যবধান বিবেচনায় এটি বিভ্রান্তিকর হতে পারে, তা তাদের জানা ছিল অথবা জানা উচিত ছিল।

বিচারকের মতে, এটি কেবল অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া নয়; বরং মূল বক্তব্যের চেয়ে ভিন্ন অর্থ তৈরি করা হয়েছে। এমন সম্পাদনা ‘প্রকৃত বিদ্বেষ’-এর প্রমাণ হতে পারে। যুক্তরাষ্ট্রের আইনে জনগুরুত্বপূর্ণ ব্যক্তির মানহানির মামলায় জয়ী হতে এ ধরনের বিদ্বেষ প্রমাণ করা গুরুত্বপূর্ণ।

বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হয়েছেন। তবে আদালতের কর্তৃত্বের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং নিজেদের অবস্থান নিয়ে তারা আত্মবিশ্বাসী। এর আগে বিবিসি স্বীকার করেছিল, তথ্যচিত্রটির সম্পাদনা বিভ্রান্তিকর ছিল। এ জন্য ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল সংবাদমাধ্যমটি। তবে মানহানির দায় নিতে অস্বীকৃতি জানায় তারা।

আদালতের এ সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে এমন সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।’

তবে বিচারক জানিয়েছেন, ট্রাম্প তাঁর অভিযোগগুলো প্রমাণ করতে পারবেন কি না, তা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। একই সঙ্গে মামলায় আর্থিক ক্ষতির বিষয়টিও তাঁকে প্রতিষ্ঠা করতে হবে।

এদিকে, বিবিসির বিরুদ্ধে ফ্লোরিডার প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্য প্রথা আইন লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের করা পৃথক দাবিটি খারিজ করে দিয়েছেন বিচারক। তাঁর মতে, তথ্যচিত্রটি বাণিজ্যিক বক্তব্যের আওতায় পড়ে না।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও