০৫ নভেম্বর, ২০২৬ ০৬:৪৫ পিএম

মৃত্যুপথযাত্রী রোগীকে রক্তদান, প্রশংসায় ভাসছেন ডা. তুহিন

মৃত্যুপথযাত্রী রোগীকে রক্তদান, প্রশংসায় ভাসছেন ডা. তুহিন
ডা. মাহিদুল ইসলাম তুহিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অসম্পূর্ণ গর্ভপাতের (ইনকমপ্লিট অ্যাবরশন) কারণে শরীরে রক্তের তীব্র সংকট দেখা দেয়, ক্রমেই নিস্তেজ হয়ে আসছিলেন রোগী। স্বজনদের আকুতি আর নানা চেষ্টা সত্ত্বেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা নারীর জন্য মিলছিল না এক ব্যাগ রক্ত। এমন সংকটময় মুহূর্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। পেশাগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে নিজেই রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু রোগী আঞ্জুরা বেগমের প্রাণ। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে একজন চিকিৎসকের এই মানবিক উদ্যোগ অনলাইনে ছড়িয়ে পড়ার পর তিনি যেমন প্রশংসিত হচ্ছেন, তেমনি উজিরপুরে জরুরি রক্তদানের জন্য কার্যকর স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ‘অসম্পূর্ণ গর্ভপাত’ নিয়ে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের মঞ্জু হাওলাদারের স্ত্রী আঞ্জুরা বেগম (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কম পাওয়া যায়। পাশাপাশি চলছিল রক্তক্ষরণ। এ অবস্থায় রোগীর অবস্থা মুমূর্ষু হওয়ায় ও তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর রক্তদাতা না পাওয়া গেলে তিনি নিজেই রক্ত দেন ওই রোগীকে।

আঞ্জুরা বেগমের দিনমজুর স্বামী মঞ্জু হাওলাদার বলেন, তার স্ত্রীর রক্তের গ্রুপ ছিল ‘এ পজেটিভ’। ওই মুহূর্তে আত্মীয়-স্বজনসহ রক্তদাতাদের সাথে যোগাযোগ করেও পরেরদিন সকাল পর্যন্ত কোনো রক্তদাতার সন্ধান পাওয়া যায়নি। ফলে রক্ত শূন্যতায় ক্রমেই নিস্তেজ হয়ে পরছিলেন তার স্ত্রী। 

তিনি বলেন, বিষয়টি জানতে পেরে তার স্ত্রীর জীবন রক্ষায় এগিয়ে আসেন চিকিৎসক মাহিদুল ইসলাম তুহিন। তাৎক্ষণিক নিজের রক্তের গ্রুপের সাথে তার স্ত্রীর রক্তের ক্রস ম্যাচিং করে মিলে যাওয়ায় তিনি (চিকিৎসক তুহিন) রক্তদান করেন। যে কারণে সুস্থ হতে শুরু করেছেন আঞ্জুরা বেগম।

এ ব্যাপারে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাহিদুল ইসলাম তুহিন বলেন, তার রক্তের গ্রুপের সাথে ওই মুমূর্ষু রোগীর রক্তের গ্রুপ কিংবা ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় রোগীকে রক্ত দেয়া সম্ভব হয়েছে। কিন্তু অন্য কোনো গ্রুপের রক্তের প্রয়োজন হলে দ্রুত কীভাবে তা সংগ্রহ করা সম্ভব হবে, সেটি নিয়ে উদ্বেগ রয়েছে।

তিনি আরও বলেন, উজিরপুরের এ চরম পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতাদের সাথে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে হবে।

এজন্য উজিরপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসা আহ্বান জানান ডা. মাহিদুল ইসলাম তুহিন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক