০৬ অক্টোবর, ২০২৬ ০৮:০৮ পিএম

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮৭ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রয়েছেন।

চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৮৪ হাজার ২৯৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবারও (৫ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে নয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯০২ জন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। মশাবাহিত এই রোগটি দেশে দীর্ঘদিনের সমস্যা হলেও ২০১৯ সালের পর থেকে এর প্রকোপ ও মৃত্যুর হার নতুন মাত্রা পেয়েছে। ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত এবং ১৬৪ জনের মৃত্যু হয়।

এরপর ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন এবং মারা যান ২৮১ জন। ২০২৩ সালে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড।

২০২৪ সালে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এক লাখ এক হাজার ২১৪ জনে নামলেও মৃত্যু ছিল ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা আবার সামান্য বেড়ে এক লাখ ২ হাজার ৮৬১ জনে দাঁড়ায়; মৃত্যু হয় ৪১৩ জনের। চলতি ২০২৬ সালেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক