ফের জনসংখ্যা বাড়াতে চায় কানাডা, নতুন অভিবাসন পরিকল্পনা নভেম্বরে
মেডিভয়েস রিপোর্ট: অভিবাসন কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণে আনার পর এবার আবার ‘নিয়ন্ত্রিতভাবে’ জনসংখ্যা বাড়ানোর কথা ভাবছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডার অভিবাসন ব্যবস্থা এখন নিয়ন্ত্রণে এসেছে।
ফলে এখন প্রশ্ন—কবে থেকে আবার নিয়ন্ত্রিতভাবে জনসংখ্যা বৃদ্ধির গতি বাড়ানো হবে।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কার্নি এ কথা বলেন। তবে নতুন করে কতসংখ্যক অভিবাসী নেওয়া হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট লক্ষ্য জানাননি।
আগামী ১ নভেম্বরের মধ্যে ২০২৭-২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করার কথা রয়েছে। সেখানে সরকারের নতুন অবস্থানের প্রতিফলন দেখা যেতে পারে।
স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত দেশটির জনসংখ্যা বেড়েছে মাত্র ১ লাখ ৮৯ হাজার ৪২৫ জন। এ সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৫ শতাংশ, যা ১৯১৫-১৬ সালের পর জুলাই থেকে জুলাই হিসাবে কানাডার সর্বনিম্ন বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার।
এদিকে অস্থায়ী বাসিন্দার সংখ্যাও কমেছে। ২০২৬ সালের ১ জুলাই কানাডায় অস্থায়ী বাসিন্দা ছিলেন ২৭ লাখ ৭৯ হাজার ৭৭৪ জন, যা মোট জনসংখ্যার ৬ দশমিক ৭ শতাংশ। ২০২৪ সালের ১ অক্টোবর এই সংখ্যা ছিল প্রায় ২৯ লাখ ৮৪ হাজার।
দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবার ওপর চাপ কমাতে গত কয়েক বছর ধরে অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয় কানাডা। ২০২৬-২০২৮ সালের অভিবাসন পরিকল্পনায় প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে ২০২৭ সালের শেষ নাগাদ অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অভিবাসন নীতিতে নতুন করে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা সামনে এসেছে। কানাডার অর্থনীতিতে শ্রমশক্তির চাহিদা, জনসংখ্যার বয়স কাঠামো ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে অভিবাসন নীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তাই আগামী ১ নভেম্বরের অভিবাসন পরিকল্পনার দিকে সবার নজর রয়েছে। কানাডা অভিবাসন নিয়ন্ত্রণের বর্তমান ধারা অব্যাহত রাখবে, নাকি অর্থনৈতিক প্রয়োজন বিবেচনায় নিয়ন্ত্রিতভাবে অভিবাসন বাড়াবে—নতুন পরিকল্পনায় তার একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
এইউ/