০১ অক্টোবর, ২০২৬ ০৪:০৬ পিএম

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে স্বাস্থ্য ক্যাডারে আগ্রহী চিকিৎসকরা আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের সময়সীমা ও ফি:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত পিএসসির নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ সম্পন্ন করে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে—অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

যোগ্যতা ও বয়সসীমা:

সহকারী সার্জন পদের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কোনো প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। সরকারের অনুমতি ব্যতীত বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে সংশ্লিষ্ট প্রার্থী আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীদের অনলাইনে আবেদন ও নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে পিএসসি।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত