আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
মেডিভয়েস রিপোর্ট: চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ বা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে মাসের প্রথমার্ধেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে চলতি মাসের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, অক্টোবর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে সাগরে লঘুচাপ ও নিম্নচাপ তৈরি হলে দেশের উপকূলীয় এলাকা ও নদী অববাহিকায় আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ঘটার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে। তবে লঘুচাপ বা আকস্মিক ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদী অববাহিকায় পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন দুই দশমিক শূন্য থেকে চার দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল চার দশমিক শূন্য থেকে ছয় দশমিক শূন্য ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বিদায়ী সেপ্টেম্বর মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণত এ মাসে গড়ে ২০ দিন বৃষ্টিপাত হলেও এবার হয়েছে ১৭ দিন।
বিভাগভিত্তিক হিসেবে খুলনায় স্বাভাবিকের চেয়ে ১২ শতাংশ বেশি বৃষ্টি হলেও সবচেয়ে বেশি ঘাটতি ছিল সিলেটে (স্বাভাবিকের চেয়ে ৪৪ দশমিক তিন শতাংশ কম)।
এ ছাড়া ময়মনসিংহে ৩৮ দশমিক পাঁচ শতাংশ, রংপুরে ৩৮ শতাংশ, রাজশাহীতে ২৪ দশমিক দুই শতাংশ, চট্টগ্রামে ১৭ দশমিক এক শতাংশ, ঢাকায় ১২ দশমিক দুই শতাংশ এবং বরিশালে এক দশমিক ছয় শতাংশ কম বৃষ্টি হয়েছে।
গত মাসে সাগরে সৃষ্ট তিনটি লঘুচাপের মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নিয়ে ভারত ও মিয়ানমার উপকূল অতিক্রম করে। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে (২৮ সেপ্টেম্বর) এবং সর্বনিম্ন ২১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নারায়ণগঞ্জে (২০ সেপ্টেম্বর)।
সার্বিকভাবে সেপ্টেম্বরে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
জেএইচ/