জাকসুর উদ্যোগে লাইফ সাফোর্ট ও ফার্স্ট এইড ট্রেইনিং
মেডিভয়েস রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) ও প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে এবং রিদম বি-এল-এস ট্রেনিং সেন্টার ও রিদম বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় জরুরি জনস্বাস্থ্যবিষয়ক এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান, সিপিআর ও অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) ব্যবহারের প্রশিক্ষণ, ক্ষতস্থানের পরিচর্যা ও রক্তপাত নিয়ন্ত্রণ, হাড় ভাঙা ও পোড়ার ক্ষেত্রে প্রাথমিক করণীয় এবং ফার্স্ট এইড কিট ব্যবস্থাপনা ও ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া কর্মসূচির আওতায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। এর মধ্যে ছিল রক্তচাপ মাপার যন্ত্র (স্ফিগমোম্যানোমিটার), স্টেথোস্কোপ, নেবুলাইজার, ওজন মাপার যন্ত্র ও থার্মোমিটার।
আয়োজকরা জানান, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক দক্ষতা অর্জন এবং ক্যাম্পাসে একটি নিরাপদ ও সচেতন পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এমইউ/