২১ অগাস্ট, ২০২৬ ০৩:১২ পিএম

পেটে গজ রেখে সেলাইয়ের ৫৩ দিন পর গৃহবধূর মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী

পেটে গজ রেখে সেলাইয়ের ৫৩ দিন পর গৃহবধূর মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
নিহত কবিকা মণ্ডলের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে নিহতের বাড়িতে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কণিকা মণ্ডলের স্বামী অশান্ত মণ্ডলের সঙ্গে দেখা করেন। এ সময় মাতৃহারা শিশুটির পূর্ণ ভরণপোষণের দায়িত্ব সরকারের পক্ষ থেকে বহন করার প্রতিশ্রুতি দেন। সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকাও পরিবারের হাতে তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ কণিকা মণ্ডলের মৃত্যুর খবর দেখে আমি নিজেই এটা সহ্য করতে পারিনি। আমাদের অবহেলার কারণে যদি একজন মায়ের অকাল মৃত্যু হয়ে থাকে; তাহলে বিষয়টি আমরা চূড়ান্তভাবে দেখব। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

মন্ত্রী আরও বলেন, প্রসূতি মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা হওয়ার পর তদন্তের ভিত্তিতে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে ভর্তি করা হয় কণিকা মন্ডলকে। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষী রানী দত্ত সিজারিয়ানের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান। পরদিনই কণিকার পেট ফুলে যায়। অবস্থার অবনতি হলে তাকে গত ৩ জুলাই ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গত ৭ জুলাই চিকিৎসাকালীন পরীক্ষা করে দেখা যায়, তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়া হয়েছে। ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়। পরবর্তী সময়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। ওই নারীর সদ্য জন্ম নেওয়া সন্তানসহ তিনটি সন্তান রয়েছে।

এইউ/এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক