গুরুতর অসুস্থ ইমরান খান, হাসপাতালে নেওয়ার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: দুর্নীতির মামলায় কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
তার শারীরিক অবস্থার অবনতির অভিযোগের পর দেশটির সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
পাকিস্তানের বর্তমান সরকার কোর্টের এ নির্দেশ বদলাতে সর্বোচ্চ চেষ্টা করলেও সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দেয়নি। এরপর শুক্রবার রাতে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়।
৭৩ বছর বয়সী ইমরান খানের আইনজীবীরা আদালতে জানান, তিনি দৃষ্টিশক্তি হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে তার আইনজীবীরা অভিযোগ করেন, ডান চোখে তার মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছিল পাকিস্তান সরকার।
ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণ করা ইমরান খান ১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নামক রাজনৈতিক দল গঠন করেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের আগস্টে দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ শতাধিক মামলায় তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে, যেগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
এ পর্যন্ত বিভিন্ন মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার গ্রেফতার ও কারাবন্দিত্বকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কঠোরভাবে দমন করে সেনা সমর্থিত পাকিস্তান কর্তৃপক্ষ।
এইউ/