হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৯ জন।
আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। একই সময়ে ৮৮৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩০ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট এক লাখ ২২ হাজার ৭৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে ছাড় পেয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাম উপসর্গে একজন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তবে বিজ্ঞপ্তির জেলাভিত্তিক অংশে মৃত্যুর হিসাবে সুনামগঞ্জ ও ঢাকার তথ্যও উল্লেখ রয়েছে।
এদিকে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সারা দেশে লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের। এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ৮৯৪ জনকে, যা লক্ষ্যমাত্রার ১০৭ দশমিক ৩ শতাংশ।
জেএইচ/