নাটকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ব্রাজিলের চতুর্থ মেয়াদের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা
মেডিভয়েসে রিপোর্ট: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে এক হাড্ডাহাড্ডি লড়াই ও নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন দেশটির অভিজ্ঞ বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
রান-অফ বা দ্বিতীয় ধাপের ভোটগণনায় তিনি পেয়েছেন ৫১.৭৯ শতাংশ ভোট, যার মাধ্যমে তিনি পরাস্ত করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোকে। ফ্লাভিও বলসোনারো পান ৪৮.২১ শতাংশ ভোট।
প্রায় ৪৪ লাখ ভোটের ব্যবধানে পাওয়া এই জয়ের মাধ্যমে ১৯৮৮ সালে ব্রাজিলে গণতন্ত্র পুনর্বাসনের পর প্রথম কোনো নেতা প্রথম ধাপের নির্বাচনে হেরে যাওয়ার পরও দ্বিতীয় ধাপে ঐতিহাসিক ঘুরে দাঁড়িয়ে সরকার গঠনের নজির গড়লেন।
বিজয় নিশ্চিত হওয়ার পর সাও পাওলোর রাজপথে উদযাপনে মেতে ওঠা অগণিত সমর্থকদের সামনে দেওয়া এক আবেগঘন বক্তব্যে ৮০ বছর বয়সী এই নেতা তাঁর এই জয়কে অপপ্রচার, মিথ্যাচার ও নেতিবাচকতার বিরুদ্ধে সাধারণ মানুষের সুদৃঢ় জবাব বলে অভিহিত করেন।
তিনি দেশটির গণতন্ত্রকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে সফল মেয়াদের উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, তাঁর এই চতুর্থ মেয়াদই হবে জনগণের কথা শোনার ও তাদের জন্য কাজ করার সবচেয়ে বড় সুযোগ।
অন্যদিকে, কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো এখন পর্যন্ত প্রকাশ্যে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি এই নির্বাচনের ফলাফলকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে পুরো প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছেন।
তবে দেশের শীর্ষ নির্বাচনী আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের বড় ব্যবধান ও আইনি কাঠামোর কারণে এই ফলাফল বাতিল হওয়ার কোনো বাস্তবিক সুযোগ নেই। এদিকে নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণের সময়সীমা শেষ মুহূর্তে বিশেষ নির্দেশে দুই ঘণ্টা বাড়ানোর মতো কিছু নজিরবিহীন ঘটনাও এবারের নির্বাচনে লক্ষ্য করা গেছে।
এই বিজয়ের মধ্য দিয়ে সাবেক এই মেটাল ওয়ার্কার ও তিন মেয়াদের সফল রাষ্ট্রপ্রধান ব্রাজিলের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে চতুর্থবারের মতো প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন, যার মেয়াদকাল ২০৩০ সাল পর্যন্ত বহাল থাকবে।
আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনসহ বিশ্বনেতারা লুলাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তবে দেশীয় রাজনীতিতে এক চরম বিভাজিত সমাজ সামলানো এবং মার্কিন প্রশাসনের সম্ভাব্য ভূ-রাজনৈতিক চাপ মোকাবেলা করেই লুলাকে তাঁর আগামী দিনের শাসনকার্য পরিচালনা করতে হবে।
সূত্র: বিবিসি
জেএইচ/
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ