১০ অগাস্ট, ২০২৬ ০৫:১০ পিএম

সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচজন

সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচজন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৯২ জনের।

আজ সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৯ হাজার ৩২২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ১৫ হাজার ১৩৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা।

বিশেষজ্ঞরা বলছেন, হাম শুধু শিশুদের রোগ নয়, যেকোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন। তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। কোনো এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলোকে পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে হামের মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।

দেশে হামের প্রকোপের মধ্যে শিশুদের টিকাদানের পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হওয়া শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত শিশুদের প্রায় ৮০ শতাংশই হামের টিকা নেয়নি।

এ ছাড়া হামে মারা যাওয়া শিশুদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের ৫২ শতাংশের বয়স ছিল নয় মাসের কম। অর্থাৎ টিকা গ্রহণের বয়সসীমায় পৌঁছানোর আগেই অনেক শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।

গত এপ্রিল ও মে মাসে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ১৪ বছর বা তার কম বয়সী ৩৪১ শিশুর তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ১৯ জন গবেষক যৌথভাবে এ গবেষণায় যুক্ত ছিলেন।

গবেষকদের তথ্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান মিলিয়ে দেখা যাচ্ছে, দেশে হামের সংক্রমণ এখনো ব্যাপক পর্যায়ে রয়েছে। বিশেষ করে টিকাবঞ্চিত শিশুদের মধ্যে সংক্রমণ ও গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকায় টিকাদান কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত