প্রবীন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে কেজেএফডি'র শোক
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম,ঢাকার (কেজেএফডি) সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য, ডিইউজে ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড কাউন্সিলসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য বর্ষিয়ান সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেজেএফডি।
আজ রোববার (৯ আগস্ট) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃণাল কৃষ্ণ রায়ের পৈত্রিকনিবাস কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রাসাদ গ্রামে। তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস ও নিউজ এজেন্সি বাসসে দীর্ঘদিন কর্মরত থেকে অবসর জীবন কাটাচ্ছিলেন। তাঁর একমাত্র ছেলে আমেরিকায় বসবাস করেন।
সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে এক শোক বার্তায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম- ঢাকার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
কেজেএফডি নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিগত জীবনে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মৃণাল কৃষ্ণ রায় ছিলেন অত্যন্ত সজ্জন ও সফেদ মানুষ। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমআর/