০৮ অগাস্ট, ২০২৬ ০৬:৪২ পিএম

প্রতি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালের চিন্তা করছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

প্রতি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালের চিন্তা করছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভেটেরিনারি সেক্টরকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তিনি প্রতিনিয়ত সারাদেশের খোঁজ রাখেন। এই সেক্টরকে এগিয়ে নিতে যা যা করণীয়, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে। আমরা প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার চিন্তা করছি।’

আজ শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একসময় ভেটেরিনারিয়ানদের মানুষ এত গুরুত্ব দিত না। তবে এখন এ খাতের পরিধি বেড়েছে। এই সেক্টরে যত বেশি গবেষণা হবে, ততই উন্নত হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে পশুটি সঠিক, রোগমুক্ত ও খাওয়ার উপযোগী কিনা, তা নিশ্চিত করতে হবে। মানুষ এখন খাদ্যনিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ সচেতন হলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ইতোমধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রীকে অবহিত করে আপনাদের চাকরির সুব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আলিমুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান।

এ ছাড়া সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’। তিন দিনব্যাপী সম্মেলনের মূল দুই দিনে (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। দেশ-বিদেশের প্রায় ৬৫০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান এতে অংশ নেন। সম্মেলনে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম ময়নুদ্দিনকে ‘বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

বক্তারা বলেন, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার ফলাফলকে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যের সাথে কার্যকরভাবে যুক্ত করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনের মাধ্যমে ভেটেরিনারি শিক্ষা, প্রাণিস্বাস্থ্য, প্রাণিসম্পদ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘গবেষণালব্ধ জ্ঞানকে শিক্ষার সাথে সমন্বয় করে তা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা আরো শক্তিশালী করতে দেশী গরুর দৈনিক গড় দুধ উৎপাদন চার লিটার, ছাগলের এক লিটার এবং বছরে অন্তত ১৫০টি ডিম দেয়া মুরগির জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।’

পাশাপাশি স্থানীয় জীবাণু ব্যবহার করে দেশেই প্রাণিসম্পদের ভ্যাকসিন তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ভিসি আরো বলেন, ‘গত ৬৫ বছরে দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রতিষ্ঠানটি দেশের খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞানের একটি পাওয়ার হাউস হিসেবে কাজ করছে।’

কৃষি, ভেটেরিনারি ও মৎস্য খাতের জাতীয় নীতি প্রণয়নে বাকৃবির বিশেষজ্ঞদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু ভৌগোলিক দূরত্বের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্ঞানকেন্দ্রের গবেষকদের নীতিনির্ধারণী প্রক্রিয়ার বাইরে রাখা উচিত নয়।’

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক