২৬ জুলাই, ২০২৬ ১২:১৮ পিএম

কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে এক হাজার ৩৫৪

কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে এক হাজার ৩৫৪
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আফ্রিকার কঙ্গোতে চলমান ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এর মধ্যে শেষ পাঁচ দিনেই মৃত্যু বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৭ শতাংশ বেড়ে তিন হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে বলেও জানায় তারা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ও মৃত্যু হারের এই দ্রুত বৃদ্ধি কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবকে দেশটির জন্য মারাত্মক সংকট তৈরি করেছে।

আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আব্দুল সালামি নাসিদি গণমাধ্যমকে বলেন, ‘কার্যকর কোনো ভ্যাকসিন না থাকায় ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।’

তিনি আরও বলেন, দেশটির সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় রোগ নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। সীমিত জনস্বাস্থ্য অবকাঠামো ও নিরাপত্তা সংকট পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক এলাকায় স্বাস্থ্যকর্মীরা পৌঁছাতে পারছেন না। ফলে সরকারি হিসাবের তুলনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে। তিনি চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন।

বর্তমানে কঙ্গোতে ইবোলার ‘বুন্দিবুগয়ো’ নামক ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ছে। এটি মানুষের শরীর অকেজো করে দেওয়া ইবোলা ভাইরাসের চারটি বিরল ভ্যারিয়েন্টের একটি। যা প্রতিরোধে এখন পর্যন্ত স্বীকৃত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজ্ঞানী ও গবেষকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ’ জানিয়েছে, তারা দ্রুতগতিতে একটি ভ্যাকসিন তৈরি করেছে এবং ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এক স্বেচ্ছাসেবীর দেহে এর প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে।

এর আগে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে পশ্চিম আফ্রিকায় সংঘটিত ইতিহাসের সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে ২৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া সতর্ক করে বলেছেন, ‘এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের রেকর্ড তৈরি করবে।’

এইউ/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও