সিনিয়র স্টাফ নার্সের ১২৪৮ পদ সৃজনের অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে অস্থায়ীভাবে এক হাজার ২৪৮টি সিনিয়র স্টাফ নার্স পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার।
গত ১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারে কাছে পাঠানো চিঠিতে সই করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে ২০২৬-২০২৭ অর্থ-বছরে ১২৪৮ (এক হাজার দুইশত আটচল্লিশ)টি 'সিনিয়র স্টাফ নার্স' পদ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতন স্কেলে (গ্রেড-১০) সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে আরও উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ২০২৫ সালের ৭ অক্টোবর জারি করা স্মারকের মাধ্যমে এসব পদের বেতন স্কেল ও যোগ্যতা নির্ধারণ করেছে। উল্লিখিত পদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয়ভার নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের সংশ্লিষ্ট কোড/আইটেম থেকে মেটানো হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদ সৃষ্টির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম সভার সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ ছাড়া পদ সৃষ্টির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এমইউ/