বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার মেডিকেলের সদ্য সাবেক অধ্যক্ষকে বিদায়
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিনের কর্মজীবনের ইতি টেনে কক্সবাজার মেডিকেল কলেজকে (কক্সমেক) বিদায় জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ডা. সোহেল বকস। এ উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবেগঘন উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) কলেজের একাডেমিক ভবনের কমিউনিটি মেডিসিন লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা ডা. সোহেল বকসের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লুৎফুন নাহার, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম ফরহাদ।
বিদায়ী বক্তব্যে ডা. সোহেল বকস বলেন, চিকিৎসক হিসেবে উচ্চতর প্রশিক্ষণে থাকাকালেই শিক্ষার্থীদের পাঠদানের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই কক্সবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার শুরুর দিকে ফিজিওলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। পরে অধ্যক্ষের দায়িত্ব পালনকালে কলেজ ও হাসপাতালের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সহায়তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করেছেন। তার ভাষায়, শিক্ষার্থীদের সাফল্যের খবরই একজন শিক্ষক হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি।
ডা. সোহেল বকস আরও বলেন, কর্মস্থল পরিবর্তন হলেও কক্সবাজার মেডিকেল কলেজের (কক্সমেক) সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে। নতুন অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কলেজ ও হাসপাতালের অগ্রগতির খোঁজ নেবেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুজিবুল হক বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক একটি বিষয়। নোয়াখালী মেডিকেল কলেজের (এনএমসি) ফিজিওলজি বিভাগে শিক্ষক সংকট থাকায় ডা. সোহেল বকসকে সেখানে বদলি করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ডা. সোহেল বকসকে ফুল, ক্রেস্ট, উপহার ও স্মারক প্রদান করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এনএইচ/