কিডনি প্রতিস্থাপন আধুনিকায়নে ঢাকায় ‘বাংলাদেশ–কোরিয়া’ মৈত্রী সম্মেলন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে মৃতদেহ থেকে অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ–কোরিয়া মৈত্রী ৬ষ্ঠ আন্তর্জাতিক অঙ্গ প্রতিস্থাপন’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে বাংলাদেশ, কোরিয়া প্রজাতন্ত্র ও কানাডার জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এ সময় তারা জীবিত ও মৃতদেহ দাতার কিডনি প্রতিস্থাপন বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন।
শনিবার (২৭ জুন) শুরু হওয়া এ সম্মেলনের আয়োজন করেছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আয়োজনে সহযোগিতা করছে রাফায়েল ইন্টারন্যাশনাল, ভাইটালিংক কোরিয়া, ড্যানভিট ফাউন্ডেশন, কোডা, কোরিয়ান সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশন এবং কোরিয়া ইউনিভার্সিটি আনাম হাসপাতাল। সম্মেলন শেষ হয় রোববার (২৮ জুন)।
সম্মেলনের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত হলেও অঙ্গের অভাবে অধিকাংশ রোগী প্রতিস্থাপনের সুযোগ পান না। মৃতদেহ থেকে অঙ্গদান কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বহু রোগীর জীবন রক্ষা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রবাত চন্দ্র বিশ্বাস বলেন, বাংলাদেশে কিডনি রোগের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় অঙ্গ প্রতিস্থাপন সেবাকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। তিনি মৃতদেহ দাতার মাধ্যমে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম সম্প্রসারণ, একটি জাতীয় অঙ্গদাতা নিবন্ধন গঠন এবং ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটরদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এসব উদ্যোগ আরও বেশি মানুষের জীবন রক্ষা করবে এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে কোরিয়া প্রজাতন্ত্রের অধ্যাপক কিউরি আহন, অস্ট্রেলিয়ার অধ্যাপক জেরেমি চ্যাপম্যান, কোরিয়ার অধ্যাপক ইন সাং মুন, অধ্যাপক হি ইয়ং শিন, অধ্যাপক এফ. এম. সিদ্দিকী, অধ্যাপক নজমুল হোসেন, অধ্যাপক হারুন উর রশিদ, অধ্যাপক রুহুল আমিন রুবেলসহ বাংলাদেশ, কোরিয়া ও কানাডার বিশিষ্ট বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের মতে, এ সম্মেলন অঙ্গ প্রতিস্থাপন খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন সেবার মানোন্নয়নের মাধ্যমে রোগীদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/