৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জন সুপারিশপ্রাপ্ত
মেডিভয়েস রিপোর্ট: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
আজ রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই, নম্বর সংকলন এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয়। প্রাথমিকভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় ফল প্রকাশ এগিয়ে আনা হয়েছে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় তিন হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এর আগে ফলাফল দ্রুত প্রকাশের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রকাশ করা হলো।
এদিকে নিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পিএসসি। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৫০তম বিসিএস থেকে এ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ফলাফল জানতে প্রার্থীদের পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএইচ/