আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবনের ১৪তলার ফ্ল্যাট নম্বর ৮/এস থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কক্ষটি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে।
জানা গেছে, ডা. ফারা ফেরদৌস তার ফ্ল্যাটে একাই অবস্থান করতেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
ডা. ফারা ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) থেকে এমবিবিএস পাস করেন। তিনি ছিলেন এসএসএমসির ৪১তম ব্যাচের শিক্ষার্থী।
তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওথোরাসিক সার্জারিতে (এমএস, ফেজ-বি) প্রশিক্ষণরত ছিলেন।
খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মেয়ে ডা. ফারা ফেরদৌসের বাবার নাম মো. আব্দুর রশিদ এবং মা ফেরদৌসি রশিদ।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন ডা. ফারা ফেরদৌস।
তাঁর ছোট বোন নজুলা ফেরদৌসও পেশায় একজন চিকিৎসক। তিনি বিএমইউতে নিউরোসার্জারি কোর্সে অধ্যয়নরত। তবে তিনি বোনের সঙ্গে ওই কক্ষে থাকতেন না। লোকমুখে বোনের মৃত্যুর খবর জানতে পেরে নজুলা শাহবাগ থানায় যান।
পরে পুলিশ নজুলাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং টেবিলের ওপর ফারাহর মাথা নোয়ানো লাশ দেখতে পান। এ সময় নজুলা তাঁর বোনের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানিয়েছে, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এমআই/এমআর/এমইউ/