ঢামেক পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গুলিবিদ্ধ শিশু ইথানের খোঁজখবর
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
আজ শনিবার (২৭ জুন) ঢামেকের জরুরি বিভাগ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থাপনা, রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদান এবং জরুরি বিভাগের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জীবন রক্ষায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
এ ছাড়া চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করেন। একইসঙ্গে রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস কুমিল্লার কাটাবিলে মাদক সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন শিশু ইথান আহমেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি শিশুটির চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় গুলিবিদ্ধ শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
এনএইচ/