১৭ জুন, ২০২৬ ০৫:০১ পিএম

আদ্-দ্বীন মেডিকেলের নিবন্ধন বাতিলে বিপাকে ৩৫০ বিদেশি শিক্ষার্থী

আদ্-দ্বীন মেডিকেলের নিবন্ধন বাতিলে বিপাকে ৩৫০ বিদেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বেসরকারি আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবন্ধন বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৩৫০ জন বিদেশি শিক্ষার্থী। শিক্ষা জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে জটিলতা, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়িয়ে তুলেছে।

আজ বুধবার (১৭ জুন) সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে প্রায় ৩৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। হঠাৎ করে নিবন্ধন বাতিল হওয়ায় তারা এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ডা. সাকলায়েন রাসেল আরও বলেন, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা এখানে বেশি। কলেজটির অধিভুক্ত হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় তাদেরকে অন্য হাসপাতালে মাইগ্রেশন করতে হবে। তবে সমস্যা হচ্ছে, অন্য হাসপাতালে ইন্টার্নশিপ করলে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা নাও করতে পারে। কারণ ভারতের নিয়ম অনুযায়ী একই প্রতিষ্ঠানে পড়াশোনা ও ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক।

তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে, ফলে সরাসরি কোনো সহায়তার সম্ভাবনা নেই।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে অবহিত করা হয়েছে এবং একটি যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে। দ্রুত সমাধান হলে শিক্ষার্থীদের অনিশ্চয়তা ও মানসিক চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত