আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে ভুল করেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা-সংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'প্রথমে আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল করিনি। এই পদক্ষেপ যৌক্তিক। ছয়টি শিশুকে অবহেলায় মারা যেতে দেওয়া হবে, আর কর্তৃপক্ষ শান্তিতে থাকবে—এটা হতে পারে না।'
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দায় নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবহেলার কারণে রোগীর মৃত্যু হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক তথ্যে একটি বদ্ধ কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল, তদারকি ও চিকিৎসকের উপস্থিতি সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসকদের উদ্দেশে সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা একটি মানবিক ও মহৎ পেশা। রোগীদের প্রতি দায়িত্বশীলতা, সহমর্মিতা ও নৈতিক আচরণের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং মানবিক আচরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি করোনাকালে চিকিৎসক ও নার্সদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে এ খাতে জিডিপির এক দশমিক শূন্য দুই শতাংশ, অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এনএইচ/