০৯ জুন, ২০২৬ ০৩:২১ পিএম

মাসুদ কামালের বক্তব্য চিকিৎসকদের প্রতি আস্থা নষ্টের অপচেষ্টা: এনডিএফ

মাসুদ কামালের বক্তব্য চিকিৎসকদের প্রতি আস্থা নষ্টের অপচেষ্টা: এনডিএফ
মাসুদ কামাল। ছবিতে ডানে

মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসকদের নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের ‘আপত্তিকর’ ও ‘অবমাননাকর’ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির অভিযোগ, একটি টেলিভিশন টকশোতে চিকিৎসকদের বিরুদ্ধে তাঁর ‘কুরুচিপূর্ণ’ ও ‘দায়িত্বহীন’ বক্তব্য জনগণের মধ্যে চিকিৎসকদের প্রতি আস্থা নষ্টের অপচেষ্টা। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক বিবৃতিতে এই আহ্বান জানান। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

ন্যাশনাল ডক্টরস ফোরাম অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং অবমাননাকর বক্তব্য প্রদান করেছেন। তাঁর এই কুরুচিপূর্ণ ও দায়িত্বহীন বক্তব্য দেশের সমগ্র চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা, সামাজিক সম্মান ও চিকিৎসকদের প্রতি জনগণের আস্থাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।

এই ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও জোর প্রতিবাদ জানিয়ে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক সমাজে গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা অবশ্যই থাকবে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে একটি মহান পেশাজীবী সমাজকে ঢালাওভাবে আক্রমণ করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই সুস্থ সাংবাদিকতা হতে পারে না। এটি স্পষ্টত সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং একটি বিদ্বেষমূলক আচরণ।

তারা বলেন, বাংলাদেশের চিকিৎসকরা প্রতিদিন অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, অতিরিক্ত কর্মচাপ এবং নানাবিধ কাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন দুর্যোগ থেকে শুরু করে যেকোনো জাতীয় সংকটে চিকিৎসকরা নিজেদের জীবন বাজি রেখে সম্মুখসারিতে লড়াই করেছেন। এমন একটি নিবেদিতপ্রাণ পেশাজীবী সম্প্রদায়কে গণমাধ্যমে দাঁড়িয়ে এভাবে অপমান করা চরম অন্যায় ও অবিচার।

‘জনাব মাসুদ কামালের এই বিষোদগারমূলক বক্তব্য সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যকার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে ভেঙে ফেলার এক অপচেষ্টা, যা দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত বিপজ্জনক ও আত্মঘাতী’—বলেন তারা।

এনডিএফ নেতারা বলেন, চিকিৎসক সমাজের সম্মান ও পেশাগত নিরাপত্তা রক্ষার প্রশ্নে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কোনো ধরনের আপস করবে না। যদি অতি দ্রুত এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া না হয়, তবে চিকিৎসক সমাজের ন্যায্য মর্যাদা ও সম্মান রক্ষার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, বেসরকারি টেলিভিশন চ্যানেল এস’র এক টকশোতে এক কথার পরিপ্রেক্ষিতে মাসুদ বলেন, ‘বাংলাদেশের একজন ডাক্তার রোগীর ভাত খাওয়ার টাকা আছে কিনা সেটা বিবেচনা না করেই এক হাজার টাকা দামের ওষুধ লিখে দেন।’

তিনি আরও বলেন, ‘সরি, ডাক্তাররা এটা শুনছেন। আমি যদি কমনলি বলি, তাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে? আমরা ছোটবেলায় দেখতাম ক্যানভাসাররা ফুটপাতে ডুগডুগি বাজিয়ে ওষুধ বেচে। আমাদের ডাক্তাররা হলো, ওষুধ কোম্পানির ক্যানভাসার।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত