ডা. কামারুজ্জামান নাবিল

ডা. কামারুজ্জামান নাবিল

শিক্ষানবিশ চিকিৎসক, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা;
এমবিবিএস, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান


০৯ জুন, ২০২৬ ০৮:৩৭ পিএম

করোনায় জীবন দেওয়া ‘চামারদের’ অবদান এত দ্রুত ভুলে গেলেন মাসুদ কামাল?

করোনায় জীবন দেওয়া ‘চামারদের’ অবদান এত দ্রুত ভুলে গেলেন মাসুদ কামাল?
ছবি: সংগৃহীত

সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল এস টেলিভিশনের এক টকশোতে প্রকাশ্যে মাসুদ কামাল নামের একজন সাংবাদিক চিকিৎসকদের ‘চামার’ বলে সম্বোধন করেছেন, যা চিকিৎসক সমাজকে অত্যন্ত ব্যথিত ও অবাক করেছে।

মাসুদ কামাল সম্ভবত ভুলে গেছেন এই ‘চামাররাই’ করোনা মহামারির সময় আপনার অথবা আপনাদের পরিবারের কাছের সদস্যদের চিকিৎসা প্রদান করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়াই নিজেদের জীবনকে বাজি রেখে পরিবার থেকে বিদায় নিয়ে হাসপাতালে দায়িত্ব পালন করতে এসেছিলেন। দীর্ঘ সময় দায়িত্ব পালন করে যখন বাসায় ফিরতেন তখন দরজার বাইরে দাঁড়িয়ে দূর থেকে বাচ্চার মুখ দেখতেন।

চিকিৎসকদের নিয়ে তাঁর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শুনে ভাবছি, ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের কতজন তখন লাশ হয়ে ফিরেছেন, তার হিসাব কি তিনি জানেন?

সরকারি হাসপাতালগুলোতে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকেন। একেকজন চিকিৎসককে ১৫০ থেকে ২০০ রোগী বা কখনো কখনো তারও বেশি রোগীর চিকিৎসা দিতে হয়। পর্যাপ্ত লোকবল নেই, সুযোগ-সুবিধা নেই। এরপরও তারা ওনার চোখে চামার!

তারপরও চিকিৎসকরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। অনেক গরিব রোগীকে বিনা পয়সায় চিকিৎসা ও বিভিন্নভাবে সহযোগিতা করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেই খবর মাসুদ কামালদের কাছে পৌঁছায় না।

এই তো কিছুদিন আগেই রোগীকে বাঁচাতে গিয়ে শরীয়তপুরে মারধরের শিকার হন চিকিৎসক নাসির আহমেদ। এরপর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। এমন নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার পরও মাসুদ কামালের মুখে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কোনো কথা শোনা যায় না।

তিনি যেভাবে পুরো চিকিৎসক সমাজকে এই শব্দ দিয়ে এক কাতারে এনেছেন, এটা শুধু দুঃখজনকই নয়, বরং চরম ধৃষ্টতার শামিল। যদি ধরেও নিই, হাতেগোনা কিছু চিকিৎসক আপনার যুক্তিতে চামার, তবুও এর দায় পুরো চিকিৎসক সমাজকে দেওয়া অযৌক্তিক ও আপত্তিকর।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত