হাম সন্দেহে প্রাণ গেলো আরও ৮ শিশুর
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আট শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হাম রোগে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৯২।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।
জেএইচ/