নওগাঁ মেডিকেলেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নওগাঁ মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৭ জুন) নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. বারিউল হায়দার এবং সাধারণ সম্পাদক ডা. নাদিয়া বিনতে কাজল। এছাড়াও বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
চিকিৎসকদের ছয় দফা দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।
এমআর/