০৭ জুন, ২০২৬ ০৮:৫৯ পিএম

ছয় দফা দাবিতে আইএমসিতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

ছয় দফা দাবিতে আইএমসিতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল, ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধি এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (আইএমসি) ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার (৭ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য দেন।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক মীর মোহাম্মদ ফয়সাল হোসাইন বলেন, ‘আমরা ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা রোগীদের সেবা অব্যাহত রাখতে চাই। তবে আমাদের ন্যায্য দাবি, কর্মস্থলের নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করাও জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে চলমান সংকটের সমাধান করা হোক।’

সংঘাত নয়, বরং একটি যৌক্তিক ও স্থায়ী সমাধান চান বলেও জানান তিনি।

আরেক ইন্টার্ন চিকিৎসক শাহাজালাল মাহমুদ আবির বলেন, ‘আজকের এই কর্মসূচি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের অংশ। আমরা কখনোই চাই না আমাদের আন্দোলনের কারণে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হোক। রোগীদের প্রতি আমাদের দায়িত্ববোধ ও মানবিকতা সবসময় অটুট থাকবে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে ইতিবাচক সমাধানের পথে এগিয়ে আসবে।’

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা হাসপাতালের পরিচালক, ইন্টারন্যাশনাল মেডিকেল লার্নিংয়ের (আইএমএল) নির্বাহী পরিচালক এবং কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এতে আন্দোলনকারীদের ৬ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডে অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়।

এনএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত