রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৫ মিনিটের পর এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে এর দূরত্ব ৪৩২ কিলোমিটার।
ইউএসজিএস তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম জানিয়েছে, ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ কেঁপে উঠেছে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং চীন।
রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া ও শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানা গেছে।