ড্যাব নেতাদের তোপের মুখে কার্যালয় ছাড়লেন সোহরাওয়ার্দীর পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশের (ড্যাব) সমর্থকদের প্রতিবাদের মুখে নিজ কার্যালয় ছেড়ে গেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মামুনুর রশীদ।
আজ বুধবার (৩ জুন) ড্যাবের চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ছাত্রদলের নেতাদের জোটবদ্ধ প্রতিরোধের মুখে কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন তিনি।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করছিলেন ডা. মামুনুর রশীদ। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি চিকিৎসক হওয়ার সত্ত্বেও কোন ক্ষমতাবলে হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন—এমন প্রশ্নের সম্মুখিন হন।
এ সময়আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদে (স্বাচিপ) তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে দাবি করে তাকে পদত্যাগ করতে বলা হয়। তাঁর নেতৃত্বে হাসপাতালের কোনো চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা কাজ করবে না বলে জানায় বিক্ষোভকারীরা। তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যও বলেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকালে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আংশিক সত্য বলে গণমাধ্যমে কাছে স্বীকার করেন ডা. মামুনুর রশিদ। তিনি দাবি করেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রেক্ষাপটে স্বাচিপের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন। যদিও তার ব্যক্তিগত রাজনৈতিক জীবন বিএনপিপন্থি ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে তিনি মন্ত্রণালয়ে যাবেন এবং পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে গ্রহণ করবেন।
আন্দোলনকারীদের দাবি, মামুনুর রশিদ ফ্যাসিবাদ তথা আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তিনি তথ্য গোপন করে এই পদ বাগিয়ে নিয়েছেন। এমন পরিস্থিতিতে তার নিয়োগ বাতিল করে পরিচালকের পদে এমন কাউকে নিয়োগ দিতে হবে, যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত ছিলেন এবং এই পদের জন্য যোগ্য।
এদিকে ডা. মামুনুর রশীদ তার কার্যালয় ত্যাগ করার পর বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনের নামফলক (নেমপ্লেট) খুলে ফেলেন এবং চূড়ান্ত কোনো সমাধান না হওয়া পর্যন্ত কার্যালয়টি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বর্তমানে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
এই পুরো প্রক্রিয়াটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এ সময় পরিচালক পুলিশ এবং আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কার্যালয় ত্যাগ করেন।
এর আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলে হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২০ মে যোগদান করতে হাসপাতালে আসেন ডা. মামুনুর রশীদ। তখন কলেজ শাখার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের সম্মিলিত প্রতিরোধের মুখে যোগদান না করেই দ্রুত চলে যান তিনি। এর একদিন পর ২১ মে যোগদান করেন তিনি।
এর অল্প কয়েকদিনের মাথায় আজ দুপুর ১২টার দিকে তোপের মুখে তিনি কার্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য হন।
জেএইচ/এমইউ