হাড়ের ক্যান্সারে মুমেক শিক্ষার্থীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজের (মুমেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৩০ মে) সকালে হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
সহপাঠী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিরল ও হাড়ের ক্যান্সারে (ইউইংস সারকোমা) ভুগছিলেন।
রাহাত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) কেমোথেরাপি ও রেডিওথেরাপি গ্রহণ করছিলেন।
দীর্ঘ চিকিৎসা ও রোগের সঙ্গে লড়াইয়ের পর গত শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুমেক দশম ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, চিকিৎসক সমাজ ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, ইউইং'স সারকোমা হাড়ের কোষ বা হাড়ের চারপাশের নরম টিস্যুতে বৃদ্ধির মাধ্যমে শুরু হয়। যদিও এটি যেকোনো বয়সে ঘটতে পারে, তবে এটি সাধারণত শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা দেয়।
শিশু এবং তরুণদের মধ্যে অস্টিওসারকোমার পরে ইউইং'স সারকোমা হলো দ্বিতীয় সবচেয়ে সাধারণ ধরনের প্রাথমিক হাড়ের ক্যান্সার। টিউমার তৈরির সবচেয়ে সাধারণ স্থান হল পেলভিস, পাঁজর এবং পা ও বাহুর লম্বা হাড়।
এনএইচ/এমআই/এমইউ