ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নওগাঁয় কর্মরত চিকিৎসকরা।
সোমবার (১৮ মে) সকালে নওগাঁ ২৫০ শষ্যা জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সিভিল সার্জন অফিস এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ডক্টরসের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ.ম. আখতারুজ্জামান এবং নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম সহ সদর হাসপাতালের বিভিন্ন চিকিৎসকবৃন্দ। এ সময় বক্তারা হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন বলেন, ‘কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা চিকিৎসকরা সেবা দিতে বিরত থাকবো।’ তিনি প্রশাসনকে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান৷
ডা. মো. ইসকেন্দার হোসেন বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। তিনি শরীয়তপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. লুৎফর রহমান,অধ্যাপক ডা. মো: মির্জা ওয়াসিফ পারভেজ, অধ্যাপক ডা. নুরুল ইসলাম ও ইন্টার্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিকবৃন্দ।
জেএইচ/