‘সরকারের সহযোগিতা পেলে রেমিট্যান্সের বড়খাত হবে নার্সিং’
মেডিভয়েস রিপোর্ট: সরকার পরিচর্যা করলে নার্সিং রেমিট্যান্সের বড়খাত হবে মন্তব্য করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) বিশেষজ্ঞ নার্সরা। তারা বলেন, বর্তমানে নার্সিংখাত অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাদের দক্ষতা উন্নয়নের সরকারের বড় উদ্যোগ প্রয়োজন।
আজ সোমবার (১১ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্ট্রার হালিমা আক্তার, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের টিম লিডার ডা. সেলিমা আমিন ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় বিশেষজ্ঞ নার্সরা বলেন, সরকার পরিচর্যা করলে নার্সিং রেমিট্যান্সের একটি বড়খাত হয়ে দাঁড়াবে। বর্তমানে নার্সিংখাত অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাদের দক্ষতা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ হাতে নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বিদেশে প্রচুর নার্স প্রয়োজন। নার্সদের দক্ষ করে তুলে ইউরোপ, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো গেলে একদিকে বাড়বে রেমিট্যান্স প্রবাহ এবং তেমনি বাড়বে দেশের সুনাম। বিদেশে নার্সদের বেতন সবচেয়ে বেশি এবং কাজের সুযোগও ব্যাপক।
অনুন্নত নার্সিং খাতের কথা উল্লেখ করে বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশতক পরেও নার্সিংখাতের উন্নয়ন না হওয়া হতাশাজনক। দেশে জনশক্তি রয়েছে, তাদেরকে ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না। সঠিক পরিচর্যার মাধ্যমে নার্সদের কাজে লাগানো হোক। এ সময় নার্সিং খাত উন্নয়নের জন্য ৮ দফা জানানো হয়। দাবিগুলো হলো—
১. স্বতন্ত্র অধিদপ্তর ও কমিশন: নার্সিং অধিদপ্তরকে একীভূতকরণ না করে স্বতন্ত্র রাখা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. নিয়োগ ও ক্যারিয়ার পাথ: প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ দ্রুত বাস্তবায়ন।
৩. পদোন্নতি: নবম থেকে চতুর্থ গ্রেডে ভূতাপেক্ষ ও সুপারনিউমেরারি পদোন্নতি।
৪. গ্রেড উন্নীতকরণ: সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদ দশম থেকে নবম গ্রেডে উন্নীতকরণ।
৫. সনদ ও বিসিএস: ডিপ্লোমা সমমান ঘোষণা এবং গ্র্যাজুয়েটদের জন্য প্রফেশনাল বিসিএস চালু।
৬. বেসরকারি নিয়োগ: বেসরকারি প্রতিষ্ঠানে বেতন কাঠামো ও ভুয়া নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা।
৭. ভাতা ও ইউনিফর্ম: ঝুঁকিভাতা চালু এবং চাপিয়ে দেওয়া ইউনিফর্ম বাতিল।
৮. পদ সৃষ্টি: শয্যা অনুপাতে পর্যাপ্ত নতুন পদ সৃষ্টি।
জেএইচ/ এমআই