হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ২৮০
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে।
আজ শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৩০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক) মৃত্যু হয়েছে ২৩১ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া ১ হাজার ১৭০ জনের মধ্যে ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৯৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
সামগ্রিকভাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ১০০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ৬৫০ জন।