মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, সিভিল সার্জনসহ তিনজনকে বরখাস্ত
মেডিভয়েস কিরপোর্ট: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্ট্যানোটাইপিস্ট মিজানুর রহমান। বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে এই তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টিআই/