চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা যেন ২৪ ঘণ্টাই চালু থাকে: সমাজকল্যাণমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতালে রাত ১০টার পর আলট্রাসনোগ্রাম করাতে ভোগান্তি এবং সরকারি হাসপাতালে বিকেল ৩টার পর এ সেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে পরিকল্পনা এমন হতে হবে, যেন মানুষ ২৪ ঘণ্টাই চিকিৎসা সেবা পায়।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘ঢাকায় রাত ১০টায় একটি আলট্রাসনোগ্রাম করতেও অনেক সময় কষ্ট পেতে হয় মানুষের। সরকারি কোনো হাসপাতালেই বিকেল ৩টার পর এ সেবা পাওয়া যায় না। তাই চিকিৎসা সেবার ক্ষেত্রে পরিকল্পনা এমন হতে হবে, যেন মানুষ ২৪ ঘণ্টাই সেবা পায়।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘চিকিৎসক এবং চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত সবারই আচরণ ও নীতিতে পরিবর্তন আনতে হবে। কারণ রোগবালাই সময় দেখে আসে না। যেকোনো সময় একজন মানুষের চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই সময় বিবেচনা না করে, নারী-পুরুষ নির্বিশেষে সব মুহূর্তেই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’
দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়।
অনুষ্ঠানে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন।
অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন বলেন, ‘বলার অপেক্ষা রাখে না, নিউক্লিয়ার মেডিসিন একটি বিশেষায়িত সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। একইভাবে এটা শুধু ডায়াগনোসিস না, কিছু ক্ষেত্রে থেরাপি এবং কখনো রোগের প্রোগ্রসিস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ক্যান্সার, থাইরয়েড, কার্ডিয়াক এবং নিউরোলজিক্যাল রোগ ব্যবস্থাপনায় নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা অনস্বীকার্য। বিগত কয়েক বছর আমাদের ব্যাপক উন্নতি হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষতা, নতুন রেডিওফার্মাসিউটিক্যাল এবং আধুনিক ইমেজিং পদ্ধিতি।’
টিআই/