চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় আনসার মোতায়েন ইতিবাচক: ড্যাব
মেডিভয়েস রিপোর্ট: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একইসঙ্গে এ উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।
যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি, অযাচিত চাপ ও সহিংসতার আশঙ্কার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। এতে চিকিৎসাসেবার মান যেমন ব্যাহত হয়, তেমনি চিকিৎসক-রোগী সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে।
তারা বলেন, এ বাস্তবতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা জোরদারে সরকারের এই উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় থাকবে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
ড্যাব মনে করে, কেবল নিরাপত্তা জোরদারই যথেষ্ট নয়; স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।
ড্যাব নেতারা সরকারের এ সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা আশা করেন, এই উদ্যোগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও রোগীবান্ধব পরিবেশ গড়ে উঠবে, যা দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিআই/