বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (ভিসি) (একাডেমিক) পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক নজরুল ইসলামকে প্রো-ভিসি (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি আইনটির ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান। বর্তমানে তিনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
টিআই/