২১ এপ্রিল, ২০২৬ ০৬:১৭ পিএম

অব্যাহতি নিলেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম

অব্যাহতি নিলেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) পদ থেকে অব্যাহতি নিয়েছেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক নোটিসে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে অধ্যাপক ডাঃ মো: শাহিনুল আলম, উপ-উপাচার্য (একাডেমিক), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা এর গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে দাখিলকৃত উপ-উপাচার্য পদ হতে অব্যাহতির আবেদন পত্রটি মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হয়েছে।’

ডা. শাহিনুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএ সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেক ২৮তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি ২০২৪ সালের ১০ জুলাই বিএমইউর (তৎকালীন বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হন। এর পর একই বছরের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পান। ওই বছরের ডিসেম্বর ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিযুক্ত হন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

অধ্যাপক শাহিনুল আলমের বর্ণাঢ্য জীবন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সন্তান শাহিনুল আলম মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি/এনএএফএলডি) বিষয়ে দেশের অগ্রগামী বিজ্ঞানী।

তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ২০২০ সালে ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজের নির্ণয় এবং পরিচালনার জন্য ক্লিনিক্যাল অনুশীলন নির্দেশিকা’ গবেষণা করেন। এ ছাড়া অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশসহ ২৯টি দেশের বিজ্ঞানীদের সঙ্গে অনেক গবেষণাপত্রে কাজ করেছেন। স্কোপাস হিসেবে ডা. শাহিনুল আলম এফসিপিএস (মেডিসিন) এবং ডক্টরেট অব মেডিসিন (এমডি) করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক হেপাটোলজির নেতৃস্থানীয় বিজ্ঞানীদের সংস্থা ‘গ্লোবাল ন্যাশ কাউন্সিলের’ সম্মানিত সদস্য। তিনি ২০টি থিসিস তত্ত্বাবধান করেছেন এবং পাঁচটি থিসিসের সহ-তত্ত্বাবধান করেছেন, যারা ডক্টরেট অব মেডিসিন (এমডি) হেপাটোলজি ডিগ্রি লাভ করেছেন।

খ্যাতনামা এই চিকিৎসক বিএসএমএমইউর সাতটি গবেষণা প্রকল্পের প্রধান তদন্তকারী এবং সহ-তদন্তকারী হিসেবে অনুদান পান। এর মধ্যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনজন।

কোর্স সমন্বয়কারী এবং এমডি হেপাটোলজি কোর্সের পাঠক্রম কমিটির সদস্য সচিব হিসেবে অধ্যাপক ডা. শাহীনুল বিএসএমএমইউতে ২০১১ সালে শুরু হওয়া ‘রেসিডেন্সি ভিত্তিক’ পাঠক্রমের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স কমিটির (আইকিউএসি) সদস্য সচিব হিসেবে তিনি মূল্যায়নের আয়োজন করেন এবং কোর্সটি আপগ্রেড করার সুপারিশ করেন।

বিএসএমএমইউর এই অধ্যাপক হেপাটোলজির ওয়ার্ল্ড জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি বর্তমানে এলসেভিয়ার, স্প্রিংগার, ব্ল্যাকওয়েল পাবলিশিং, উইলি, স্প্রিংগার নেচারসহ বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশকদের পর্যালোচনাকারী হিসেবে অবদান রাখছেন।

অধ্যাপক ডা. শাহীনুল আলম ২০০৯ সাল থেকে ঢাকার হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি ‘বাংলাদেশের ফ্যাটি লিভার রোগীদের জন্য খাদ্যতালিকাগত পরামর্শ’ বিষয়ে ফুড পিরামিডের কপিরাইট অর্জন করেন।

তিনি এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপিএএসএল) ও ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের (ইএএসএল) সদস্য। এ ছাড়া ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি ও ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

এর বাইরে দ্য স্টাডি অব দ্য লিভার (আইএনএএসএল), ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির (বিএসজি) সহযোগী সদস্য, ইউরোপীয় সোসাইটি অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপির (ইএসজিই) সদস্য এবং ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপির (আইএসজিই) আজীবন সদস্য।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত