২১ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পিএম
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ

ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনের (৫০) ওপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকার সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ এপ্রিল) ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ক্যান্সার হাসপাতাল, টিবি, লেপ্রোসি ও বক্ষব্যাধি হাসপাতালে একদল দুষ্কৃতিকারী অবৈধভাবে জায়গা দখল, কর্মকর্তা-কর্মচারীদেরকে হুমকি, চাদাবাজি ও বিভিন্ন ধরনের অপকর্ম প্রতিনিয়তই করে যাচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ‘অর্ন্তবর্তীকালীন সরকার থাকা অবস্থায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী জামালকে একদল দুষ্কৃতকারী গুলি করে হত্যা করে এবং বক্ষব্যাধি হাসপাতালের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে। যার সুষ্ঠু তদন্ত এখনো সম্পন্ন হয়নি এবং কোন আসামি গ্রেপ্তার হয়নি।’

দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি এবং হাসপাতালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ড্যাব নেতারা।

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, চিকিৎসকদের জানমালের নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চিকিৎসকের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল নিজের ফেসবুক ওয়ালে বলেন, ‘চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও নিরাপত্তা নিশ্চিত করার জোড় দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উপ পরিচালকক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। 

হাসপাতালটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিস শেষ করে হাসপাতাল থেকে বর্তমান বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত