ওএসডির আদেশ বাতিল, নিন্সে আবাসিক সার্জনের দায়িত্বে ফিরলেন ডা. বশীর
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খানের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) আদেশ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২ এপ্রিল মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। ফলে পূর্বের পদে বহাল হয়েছেন এই নিউরোমেডিসিন বিশেষজ্ঞ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখা হতে ১৯.১০.২০২৫ তারিখে ৪৫,০০,০০০০,১৪৭.১৯.০১৯.২৫ ৯৯২ নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক ডাঃ মোঃ বশীর আহম্মেদ (১৩১০৯৮), আবাসিক সার্জন, নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল, ঢাকা [সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি (ইনসিটু)]-কে সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি হিসেবে ওএসডি সংযুক্তিতে হবিগঞ্জ মেডিকেল কলেজ, হবিগঞ্জে বদলি/পদায়নের আদেশটি এতদ্বারা বাতিল করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও এতে বলা হয়েছে।
এদিকে শনিবার (৪ এপ্রিল) নিউরো সায়েন্স হাসপাতালের আবাসিক সার্জনের দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মো. বশীর আহম্মেদ খান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী।
এর আগে গত বছরের ২৪ মার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে যোগ দেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. মো. বশীর আহম্মেদ খান। তবে অনিয়মের অভিযোগে ওই বছরের ২১ অক্টোবর তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ও একই সঙ্গে হবিগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়।
এর পর বিষয়টি নিয়ে তদন্ত হয়। এতে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় পূর্বের আদেশ বাতিলের পাশাপাশি তাঁকে স্বপদে বহাল করা হয়।
জানতে চাইলে ডা. মো. বশীর আহম্মেদ খান আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘আমার ব্যাপারে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করে কিছু পায়নি কমিটি। নির্দোষ প্রমাণিত হওয়ায় আগের অর্ডার বাতিল করা হয়েছে। নতুন আদেশে আমি আমার নিজ পদে ফিরে এসেছি। পূর্বের মতোই পূর্ণ নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করবো।’
এমইউ/