ফেরিঘাটে বাস দুর্ঘটনা: হতাহতের ঘটনায় এনডিএফের শোক, জড়িতদের বিচার দাবি
মেডিভয়েস রিপোর্ট: দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীসহ বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ শোক প্রকাশ করেন।
সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, গতকালের এই ভয়াবহ দুর্ঘটনায় ডা. জোহরা অন্তি এবং তাঁর স্বামী, ডা. মাহমুদুল হাসান রাইয়ানের শাশুড়ি, শ্যালক ও ভাগ্নে, ডা. ফাতেমা ফারহানা সোনিয়ার মা মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া ডা. রাইয়ানের স্ত্রী, শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সাবা বেঁচে গেলেও আহত হয়েছেন।
এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ‘এই ভয়াবহ দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। যারা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, সেই মেধাবী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
তারা আরও বলেন, ‘আমরা দোয়া করি মহান আল্লাহ যেন মৃত্যুবরণকারী সকল যাত্রীকে শহীদ হিসেবে কবুল করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারগুলোর এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’
একই সঙ্গে তারা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
টিআই/এমইউ