২৬ মার্চ, ২০২৬ ০৩:১৫ পিএম

নানা আয়োজনে বিএমইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নানা আয়োজনে বিএমইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বিএমইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উযাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে ছিল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, এ ব্লকের দ্বিতীয়তলায় বিএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি। 

এ ছাড়া রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিএমইউ প্রশাসন। এ সময় বিএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। পরে বিএমইউ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন।    

সকালে বিএমইউ ক্যাম্পাসে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ সময় প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।  
  
এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের এবং জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীন হয়েছে বলেই বাংলাদেশ আজকের পর্যায়ে পৌঁছেছে। দেশে এখন গণতন্ত্র ও বাক স্বাধীনতার পরিবেশ বিরাজ করছে। এখন সময় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। সেই লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।  

এ সময় প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই নারীদের অবদান অপরিসীম। বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বর্ষ পূর্তিতে সবার প্রত্যাশা নারী-পুরুষসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত ও মর্যাদার উচ্চ শিখরে সু প্রতিষ্ঠিত হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ গণতন্ত্রের আলোর পথে আবার চলতে শুরু করেছে। এই পথেই বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে, মানুষের মুখে হাসি ফোটবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সকল খাতে সাফল্যের নতুন অধ্যায় সূচিত হবে।
   
বিএমইউর উদ্যোগে আয়োজিত জাতীয় দিবসের এ সকল কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, ড্যাবের উপদেষ্টা ও বিএমইউর ডেপুটি রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস এম নওরোজ, বিএমইউর চিকিৎসক ডা. আকবর হোসাইন, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, কর্মকর্তা জিসান উদ্দিন আহমেদ, মো. ইলিয়াছ খাঁন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এরপর বিএমইউ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহীদ জিয়ার মাজারে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এবং সেখানে ড্যাবের উদ্যোগে আয়োজিত বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদের সঞ্চালনায় বিএমইউর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ছাড়াও ড্যাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, ড্যাবের উপদেষ্টা ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সহ-সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, বিএমইউ ড্যাবের সভাপতি ও বিএমইউ এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের আশা-ভরসার প্রতীক জননেতা তারেক রহমান দায়িত্ব গ্রহণের অল্প কয়েক দিনের মধ্যেই দেশবাসীকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল খনন কর্মসূচি শুরু করেছেন, আগামীতে হেলথ কার্ড দিবেন। ভবিষ্যতে মানুষের ভাগ্য্যের উন্নয়নসহ দেশের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে। ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন জাতীয় দিবস ছাড়াও দুর্যোগ ও সংকটকালে সময়োপযোগী কর্মসূচি পালন করে আসছে। আগামী দিনেও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মতো আয়োজন অব্যাহত থাকবে। ড্যাবের উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত