ফেরিঘাটে বাস দুর্ঘটনা: সাতক্ষীরা মেডিকেলের ডা. ফাতেমার মায়ের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় সাতক্ষীরা মেডিকেল কলেজের (সামেক) ফার্মাকোলজি বিভাগের প্রভাষক ডা. ফাতেমা ফারহানার মা মারা গেছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটের সামনে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ‘সোহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ঢাকা ফিরছিল।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মেডিকেল কলেজ অঙ্গনসহ সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সূত্রে জানা যায়, প্রাণ হারানো নারী ডা. ফাতেমা ফারহানার মা। কর্মজীবী এই নারী বুধবার রাজবাড়ী থেকে অফিস শেষ করে ঢাকায় আসছিলেন। পথে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাসটি নদীতে তলিয়ে গেলে তার মৃ্ত্যু ঘটে।
ডা. ফাতেমা ফারহানার স্বামী ডা. ওয়াহিদ জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিনই তাঁর স্ত্রীকে ইনফার্টিলিটি বিভাগে এমএস কোর্সে ভর্তি করানো হয়েছিল। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বাসা গোছানোর জন্য তাঁর শ্বাশুড়ি ঢাকায় আসছিলেন, পথিমধ্যে এই দুর্ঘটনায় সব স্বপ্ন ফিকে হয়ে গেছে।
আকস্মিক এই মৃত্যুতে তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান ডা. ওয়াহিদ জামান।
সাতক্ষীরা মেডিকেল কলেজের শোক
এই ঘটনায় সাতক্ষীরা মেডিকেল কলেজের পক্ষ থেকে এক শোক প্রকাশ করা হয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, এই হৃদয়বিদারক ঘটনায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।
এতে কলেজের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। এ ছাড়া ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
জানা গেছে, বিকেল পাঁচটার কিছু পর বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া পাঁচটার দিকে 'হাসনা হেনা' নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি ওই ঘাটে এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
টিআই/